স্বেচ্ছাশ্রমে বাজার ও সাঁকো ইউনিয়নবাসীর আনন্দ
বর্ষায় নদী-নালা, খাল-বিল, জমিজমা ডুবে একাকার হয়ে যায়। শুধু ভেসে থাকে গ্রামগুলো। হাজার দুয়েক ঘর এবং নয়-দশ হাজার লোকের বসবাস। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন এটি। বর্ষায় নিরুপায় হয়ে পড়ে এর বাসিন্দারা। তাই তারা ঐক্যবদ্ধ হয়ে এবার নিজেদের অর্থ ও শ্রমে বাজার ও সাঁকো তৈরি করেছে। এতেই আনন্দে আত্মহারা ইউনিয়নবাসী।ইউনিয়নের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ এবং বর্ষাকালে একমাত্র আয়ের উৎস মাছ ধরা। এক গ্রাম থেকে আরেক গ্রামে চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। গ্রামগুলোতে ছিল না কোনো স্থায়ী বাজার। কার্তিক মাসে পানি নামার সঙ্গে সঙ্গে কলমা ইউনিয়নের মোহনতলা খেলার মাঠের এক প্রান্তে বসত কিছু দোকান এবং জ্যৈষ্ঠ মাসে পানি আসার পর আবার উঠে যেত দোকানগুলো।গত চৈত্র-বৈশাখ মাসে কলমা ও আদমপুর ইউনিয়নের চৌদন্ত বড়হাটি, চৌদন্ত পূর্বহাটি, চৌদন্ত পশ্চিমহাটি, বাজুরী ও সাপান্ত-বাজুরী গ্রামের মানুষের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি বাজার এবং যোগাযোগের জন্য একটি সাঁকো। প্রতি শতাংশ জায়গার মূল্য ৫০ হাজার টাকা হারে দোকান নিয়ে বসতে আগ্রহী দোকানদারদের কাছ থেকে টাকা নিয়ে করা হয় বাজারের জমি তৈরির কাজ। ইতিমধ্যে সে বাজারে গড়ে উঠেছে শতাধিক দোকান। গ্রামবাসীও বাজার পেয়ে আনন্দিত। বাজারে বিভিন্ন পণ্য বিক্রি এবং চায়ের দোকানে সিডিতে সিনেমা ও ধর্মীয় সিরিজ উপভোগ করতে পারে তারা। কিন্তু বাজারে নেই পর্যাপ্ত সুব্যবস্থা। এরই মধ্যে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ।ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বাজারের উদ্যোক্তা মনমোহন দাস বলেন, ‘অবহেলিত গ্রামাঞ্চলে আমাদের এ বাজার নিয়ে ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই। কিন্তু আর্থিক দৈন্যে বাজারের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না।’ বাজার কমিটির সভাপতি দীপক দাস বলেন, ‘বর্ষায় এ এলাকায় ডাকাতের উৎপাতে বাজারের ব্যবসায়ীরা টাকাপয়সা ও মালামাল নিয়ে যাতায়াত করতে পারেন না। প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমাদের টিকে থাকা কঠিন।’বাঁশের সাঁকোটির দৈর্ঘ্য ৩৭৫ ফুট ও প্রস্থ চার ফুট। সাঁকো তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। সাঁকোটি তৈরিতে উপকৃত হয়েছে চৌদন্ত বড়হাটি, চৌদন্ত পূর্বহাটি, চৌদন্ত পশ্চিমহাটি, বাজুরী ও সাপান্ত-বাজুরী গ্রামের অধিবাসী এবং মোহনতলা উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।