স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার
কক্সবাজারের কুতুবদিয়ায় স্বেচ্ছাশ্রমে ভাঙা বেড়িবাঁধ সংস্কার করছে এলাকাবাসী।
গত বুধবার উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের পূর্বচর এলাকায় স্বেচ্ছাশ্রমে প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ সংস্কার করেন স্থানীয় লোকজন। আজ শুক্রবার সকাল থেকে আবারও ভাঙা বেড়িবাঁধ সংস্কারকাজ শুরু হবে।
পূর্ব ধুরুং গ্রামের কৃষক ছুরুত আলম জানান, গত ৩০ জুলাই ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে এলাকার প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে কয়েক শ ঘরবাড়ি প্লাবিত হয়। লোনাপানিতে ডুবে নষ্ট হয় কয়েক শ একর জমির ফসল। তিনি বলেন, ‘সরকারের দিকে চেয়ে না থেকে নিজেদের সম্পদ রক্ষার জন্য আমরা মাঠে নেমেছি। স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার শুরু করে দিয়েছি।’
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে ধুরুং উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় কিছু মানুষ জড়ো হন। তারপর মাইকে গ্রামের আরও কয়েক শ মানুষকে মাঠে ডেকে আনা হয়। এরপর দলবেঁধে সবাই বেড়িবাঁধ এলাকায় গিয়ে সংস্কারকাজ শুরু করেন। বেলা একটা পর্যন্ত তাঁরা প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ সংস্কার করেন।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান সিরাজউদ্দৌলা, ধুরুং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মফিজুল আলম বেড়িবাঁধ সংস্কারকাজে অংশ নেন।
ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ বলেন, বৃষ্টিপাত বন্ধ থাকায় বন্যার পানি নেমে গেছে। সাগরও কিছুটা শান্ত রয়েছে। তাই এ সময় ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়েছেন। তাঁরা স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার করছেন। তিনি বলেন, শুক্রবার (আজ) থেকে টানা কয়েক দিন সংস্কারকাজ চলবে। নইলে এলাকার ফসল ও ঘরবাড়ি রক্ষা করা কঠিন হবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, কুতুবদিয়া উপজেলার চারদিকে বেড়িবাঁধ আছে প্রায় ৪০ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১৫ কিলোমিটার বাঁধ বিলীন হয়ে গেছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান জানান, ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে।