স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসল রক্ষার লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী এলাকায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভাঙা অংশ সংস্কার করছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটুয়াখালী কার্যালয় জানায়, মির্জাগঞ্জের সুবিদখালী-মাধবখালী উপপ্রকল্পের এই বেড়িবাঁধটি ৩৯ কিলোমিটার দীর্ঘ। ঘূর্ণিঝড় রোয়ানু ও জোয়ার-জলোচ্ছ্বাসে বাঁধের বিভিন্ন স্থানে প্রায় দেড় কিলোমিটার অংশ ভেঙে বিলীন হয়েছে। সুবিদখালী গ্রামের বেড়েরধন নদের তীরবর্তী বাঁধের একটি অংশ ভেঙে গেছে। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানিতে ডুবে যায় ফসলি খেত। আমনের বীজতলা পচে নষ্ট হতে থাকে।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, সুবিদখালী গ্রামের বেড়েরধন নদের তীরবর্তী এলাকার লোকজন নিজেরাই মাটি কেটে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছেন।
এলাকার পশ্চিম সুবিদখালী গ্রামের মোসলেম ফকির বলেন, ‘ভাঙনগুলো মেরামত না করায় আমাদের রোপা আউশের খেত ও আমনের বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কষ্টার্জিত আমনের বীজতলা রক্ষার্থে স্বেচ্ছাশ্রমে বাঁধের ভাঙা অংশ মেরামত করছি।’
এ ব্যাপারে ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ হাওলাদার জানান, ইতিপূর্বে পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে কিন্তু এখনো বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। তাই এলাকার লোকজন নিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
এ ব্যাপারে পটুয়াখালী পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. আবু বকর ভূঁইয়া বলেন, ওই বাঁধের বেশ কিছু স্থান ভেঙে রয়েছে। ভাঙন মেরামতের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি মেরামত করা হবে।