স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা
নবগঙ্গা নদীর জোয়ারের পানির চাপে নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম-কাঞ্চনপুর-বারইপাড়ার নয় কিলোমিটার বেড়িবাঁধের ছয়টি স্থান ভেঙে গেছে। গ্রামবাসী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামতের কাজ চলছে।গতকাল শুক্রবার বিকেলে বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার লিয়াকত হাসান বলেন, গত মঙ্গলবার বিকেলে বাঁধের ছয়টি স্থানে ফাটল দেখা দেয় এবং রাতেই সেসব স্থানে ভাঙন ধরে ও লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে স্থানীয় সাংসদ কবিরুল হকসহ উপজেলা প্রশাসনকে জানানো হয়। সাংসদের নির্দেশে ওই দিন রাতেই গ্রামবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনস্থলে বাঁশ পুঁতে ও বালির বস্তা ফেলা শুরু হয়। তিনি দাবি করেন, বেড়িবাঁধের ছয়টি স্থানে এ পর্যন্ত আট হাজার বালির বস্তা ফেলা হয়েছে। ইতিমধ্যে পাঁচটি স্থানের ভাঙন মেরামত করা হয়েছে। তবে কাঞ্চনপুর খেয়াঘাটের বড় ভাঙনটি মেরামতের কাজ চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে নিয়েই আমরা বেড়িবাঁধটি দু-এক দিনের মধ্যে মেরামত করে ফেলার চেষ্টা করছি।’গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কাঞ্চনপুরে চারটি, শুক্তগ্রাম ও বারইপাড়ায় একটি করে স্থানে ভাঙন ধরেছে। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং বিলের মৌসুমি সবজিসহ প্রায় এক হাজার হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। অন্যদিকে ভাঙন প্রতিরোধে ইউপির চেয়ারম্যান স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করছেন।কাঞ্চনপুর গ্রামের সিরাজ মল্লিক জানান, পানিতে তাঁর দুই একর জমির বেগুনগাছ তলিয়ে যাওয়ায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া এলাকার দুই হাজার পরিবারের মৌসুমি ফসলসহ আমন ধান ও গাছপালা তলিয়ে গেছে। ইউপি সূত্র জানায়, ইউনিয়নের উত্তর-পশ্চিমাংশের শুক্তগ্রাম, পাটকেলবাড়িয়া, চাঁদেরচর, বিষ্ণুপুর, দেওয়াডাঙ্গা, কাঞ্চনপুর, হাচলা, বারইপাড়া ও নোয়াগ্রামের পাশ দিয়ে নবগঙ্গা নদী বয়ে গেছে। এসব গ্রামের মধ্যে রয়েছে কাঞ্চনপুর ও শুক্তগ্রাম বিল। বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এসব বিলের ফসলাদিসহ ১০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তাদের জান-মাল রক্ষার্থে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তায় পরিষদ চলতি বছরের জানুয়ারি মাসে কাঞ্চনপুর খেয়াঘাট থেকে শুক্তগ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং কাঞ্চনপুর থেকে বারইপাড়া পর্যন্ত চার কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে।