স্বেচ্ছাশ্রমে রাতে সড়ক সংস্কার করলেন ছাত্র-শিক্ষকসহ সবাই
চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাশ্রমে প্রায় ৯০০ ফুট সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সরকারি সহায়তা না পেয়ে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দির কচুয়া এলাকার লোকজন গত শনিবার দিবাগত রাতে রবি ভূঞা সড়কে ওই সংস্কারকাজ শুরু করেন। কাজের উদ্বোধন করেন এলাকার শতবর্ষী আহম্মদুর হক। উদ্যাক্তা কাজী মিন্টু, কাজী মহিউদ্দিন লিটন ও মো. করিম জানান, হাইতকান্দি ইউনিয়নের রাম মণ্ডল সড়কের সংযোগ এই সড়ক দিয়ে প্রতিদিন পূর্ব হাইতকান্দি, কচুয়া, কুরুয়া, তুলাবাড়িয়া, জগদ্বীশপুর, মুরাদপুর, হোনালীপাড়া ও চৌধুরীপাড়ার লোকজন যাতায়াত করেন। এলাকাবাসী জানান, এর মধ্যে নিজামপুর কলেজ, সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়, হাইতকান্দি উচ্চবিদ্যালয়, তারাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী সড়কটি ব্যবহার করে। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন এসব মানুষের ভোগান্তি বাড়ছে। সড়কের কারণে এলাকার দুটি মেয়ের বিয়ে ভেঙে গেছে এবং প্রসবের সময় চিকিৎসকের কাছে নিতে না পারায় গত এক বছরে মারা গেছেন একজন গর্ভবতী ও এক শিশু।রোববার দিবাগত রাতে পূর্ব হাইতকান্দি এলাকায় গিয়ে দেখা গেছে, জেনারেটরের আলো জ্বলছে। ওই আলোয় সড়কের দুই পাশে মাটি কাটার কাজ করছেন শতাধিক লোক। তাঁদের মধ্যে রয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। তাদের কেউ মাটি কাটছে, কেউ মাটি সড়কে ফেলছে, কেউ মাটি কাটার সামগ্রী জোগাড় করে দিচ্ছে, আবার কেউ কেউ উৎসাহ জোগাচ্ছে। মূল সড়কটির ওপর মাটি ঢেলে প্রায় সাড়ে তিন ফুট উঁচু করে সড়কটি বাঁধা হচ্ছে। এ সময় শিক্ষক বদিউল্যা, কাজী ওহিদুল্লা, আবুল বশর এবং স্কুলছাত্র মোহাম্মদ আরিফ, নাজমুল হাসান, কাজী শাওন জানায়, দিনের বেলায় সবাই যাঁর যাঁর কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। শিক্ষার্থীরা স্কুল-কলেজে থাকে। তাই সড়ক সংস্কারের জন্য রাতের বেলাকে তারা বেঁচে নিয়েছে। ইউপি সদস্য দেবক বড়ুয়া বলেন, ‘সড়কটি সংস্কারে দীর্ঘদিন ধরে চেয়ারম্যানকে দাবি জানিয়ে আসছি। বরাদ্দ না পাওয়ায়করা যায়নি।’ হাইতকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, গত মৌসুমে মাটির কাজ করা হয়েছে। বর্তমানে জেলা পরিষদ থেকে ইট বসানোর জন্য দুই লাখ টাকা বরাদ্দ হয়েছে।