স্বেচ্ছাশ্রমে রাস্তা বানাচ্ছেন তালেরছেও গ্রামের মানুষ

জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোতে একাধিকবার গেছেন। কিন্তু রাস্তা নির্মাণের আশ্বাস পাননি। তাই আর অপেক্ষা না করে কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেরছেও গ্রামের লোকজন নিজেরাই রাস্তা নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন।
উপজেলার মালিগাঁও ইউনিয়নের ওই গ্রামে গতকাল বুধবার সকালে গিয়ে দেখা যায়, নিজেদের জমির ওপর দিয়ে নিজেদের টাকায় ভেকুর সাহায্যে রাস্তা নির্মাণের কাজ করছেন লোকজন। পাঁচ দিন ধরে চলছে তাঁদের এই কাজ। পাঁচ ফুট উচ্চতা ও ছয় ফুট চওড়া প্রায় অর্ধকিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেছে।
তালেরছেও গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মোতালিব মোল্লা, নারিকেলতলা গ্রামের খোরশেদ আলম, পিপিয়াকান্দি গ্রামের আবদুল মান্নান ফরাজীসহ চারটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন। পরে জমির মালিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গ্রামবাসীকে জমি দান ও রাস্তাটি নির্মাণে মাটি কাটার খরচ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে গ্রামবাসী সম্মতি দেন। ৪ মার্চ থেকে তালেরছেও গ্রামের ব্যাপারী বাড়ি থেকে মাটি কাটার কাজ শুরু হয়।
চারটি গ্রামের কমপক্ষে ১০ জন বাসিন্দা বলেন, খালের ওপর একটি সেতুর অভাবে তালেরছেও গ্রামের একাংশের বাসিন্দারা বর্ষাকালে নৌকাযোগে ও শুষ্ক মৌসুমে কাদা পানি মাড়িয়ে চলাচল করতেন। কৃষিপণ্য মাঠ থেকে বাড়িতে আনতে দ্বিগুণ টাকা খরচ হতো।
মালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন মোল্লা বলেন, তালেরছেও গ্রাম থেকে নারিকেলতলা-রায়পুর-পিপিয়াকান্দি পর্যন্ত রাস্তাটি স্বেচ্ছাশ্রমে নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। চেয়ারম্যান ভবিষ্যতে সহযোগিতা করতে চেয়েছেন।
মালিগাঁও ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ রাস্তাটি প্রশস্তকরণ, পাকাকরণ ও কালভার্ট নির্মাণের ব্যাপারে সহযোগিতা করা হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ সত্যিই একটি ভালো কাজ। রাস্তাটি অবশ্যই সরেজমিনে গিয়ে দেখব।’