গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার রাস্তা মেরামত করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার পলাশবাড়ীর কুমারগাড়ী গ্রামের বটতলা থেকে গোবিন্দগঞ্জের ডুমুরগাছা গ্রামের বাঁশেরতল পর্যন্ত রাস্তাটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন মেরামত না করায় রাস্তাটি প্রতি বর্ষায়ই ক্ষতিগ্রস্ত হয়। এবারের বন্যায় রাস্তাটির অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। তাঁরা এই রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন।
স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজে নেতৃত্ব দেন স্থানীয় শিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কিছুদিন আগে এলাকায় একজন বয়স্ক নারী অসুস্থ হন। তাঁকে হাসপাতালে নেওয়া জরুরি হলেও ভাঙা রাস্তার কারণে কোনো যানবাহন পাওয়া যায়নি। পরে তাঁকে কোলে করে চৌরাস্তা বাজার পর্যন্ত নেওয়া হয়। এমন দুর্ভোগ থেকে বাঁচতে তাঁরা নিজেরা রাস্তাটির কিছু অংশ মেরামত করেন। স্থানীয় কয়েকজন লোক বলেন, সাম্প্রতিক বন্যায় জেলার অনেক কাঁচা রাস্তার মতো তুলসীঘাট থেকে নাকাইহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রাস্তাটির চৌরাস্তা বাজার থেকে ডুমুরগাছার পাকার মাথা পর্যন্ত অংশ কাঁচা হওয়ায় তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানকার অন্তত ২০টি স্থান ভেঙে গিয়ে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় এলাকার লোকজন প্রতিবছরের মতো জনপ্রতিনিধিদের আশ্বাসে বসে না থেকে গতকাল প্রায় এক কিলোমিটার অংশ নিজেরাই মেরামত করেন।
সরেজমিনে দেখা যায়, চৌরাস্তা বাজারের দক্ষিণে কুমারগাড়ী অংশে অন্তত ১০টি গর্ত রয়েছে। ডুমুরগাছা অংশে আরও ১০টি গর্ত। এসব স্থানে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই চলতে পারে না।
ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামে আসা জিল্লুর রহমান বলেন, এলাকার অনেক লোক রাজধানীসহ বিভিন্ন শহরে থাকেন। বাড়ি আসার পর এই রাস্তায় আসতে চাইলে কোনো যানচালকই রাজি হন না। বাধ্য হয়ে হেঁটে যাতায়াত করতে হয়। এ কারণে গতকাল কুমারগাড়ীর বটতলা থেকে ডুমুরগাছার বাঁশেরতল পর্যন্ত এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করেন। স্থানীয় আশার আলো যুব সংঘ নামের একটি সংগঠনের সদস্যরা এতে সহযোগিতা করেন।
সংগঠনটির সভাপতি শামসুল আলম বলেন, ‘এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে প্রতি শনি ও মঙ্গলবার হাটের দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এবার বন্যার পানি নেমে যাওয়ার পরও স্থানীয় জনপ্রতিনিধিরা এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছিলেন না। তাই নিজেদের উদ্যোগে সড়কটির কিছু অংশ মেরামত করেছি। দ্রুত সড়কটি পাকা চাই।’
এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আপাতত রাস্তাটি সংস্কারের কোনো বরাদ্দ নেই। তবে সামনে বরাদ্দ পেলে রাস্তাটি মেরামত করা হবে। রাস্তা পাকাকরণের বিষয়ে এলজিইডির গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুল আলম বলেন, রাস্তাটি পাকা করার বিষয়ে তাঁদের কোনো পরিকল্পনা এখন নেই। এ বিষয়ে স্থানীয় সাংসদ চাইলে উদ্যোগ নেওয়া যাবে।