স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্র থেকে কঞ্চিবাড়ি উচ্চবিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার কাঁচা রাস্তা খানাখন্দে অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশটুকু পাকা করার দাবি জানিয়েও কোনো কাজ না হওয়ায় তাঁরা নিজেরাই তা সংস্কার করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মনোয়ার আলমের কাছেও এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবি জানান। অবশেষে চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী গত মঙ্গলবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেন।
কঞ্চিবাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্রী ময়না আক্তার বলে, ‘বর্ষাকালে জুতা খুলে এই রাস্তায় চলাচল করতাম। এখন আর জুতা খোলা লাগবে না।’
এ ব্যাপারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম বলেন, সরকারিভাবে রাস্তা সংস্কার সময়ের ব্যাপার। কিন্তু এলাকার মানুষ প্রতি মুহূর্তে দুর্ভোগ পোহাচ্ছে। তাই আপাতত স্বেচ্ছাশ্রমে এটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হলো। পরে পাকার জন্য উপজেলা পরিষদে প্রস্তাব পাঠানো হবে।