স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছিল ১৩ পরিবার। এসব পরিবারের সদস্যরা জমির আল ব্যবহার করে চলাচল করতেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন প্রশাসনে রাস্তা সংস্কারের আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। পরে ওই পরিবারগুলোর সদস্যরা স্বেচ্ছাশ্রমে ৫০০ ফুট রাস্তায় মাটি ভরাট করে সংস্কার করেন।

রঘুনাথপুর গ্রামবাসী সূত্রে জানা যায়, শমশেরনগর-নিত্যানন্দপুর গ্রামের সঙ্গে রঘুনাথপুর গ্রামের একটি সংযোগ রাস্তা রয়েছে। রঘুনাথপুর গ্রামের মুক্তিযোদ্ধাসহ ১৩ পরিবারের সদস্যরা চলাচল করেন এ রাস্তা দিয়ে। ১২ ফুট প্রস্থের এ রাস্তাটি সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। শীতকালে কোনোরকমে ধানি জমির আল ব্যবহার করে চলাচল করলেও বর্ষাকালে তাঁদের ভোগান্তির অন্ত থাকে না।

রঘুনাথপুর গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য জামশেদ হোসেন, পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য জসিম হোসেন বলেন, লম্বায় ১ হাজার ফুট দীর্ঘ এ রাস্তায় মাটি ভরাট করে সংস্কার করে দিতে দফায় দফায় স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। ফলে ১৩ পরিবারের সদস্যরা একত্র হয়ে স্বেচ্ছাশ্রমে ও নিজ অর্থ ব্যয় করে রাস্তায় মাটি ভরাট শুরু করেন। গত ২৫ জানুয়ারি থেকে মাটি ভরাট শুরু করে ২ ফেব্রুয়ারি শেষ হয়। এভাবে ৫০০ ফুট রাস্তার মাটি ভরাট সম্পন্ন হলে স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য রেহেনা বেগম স্থানীয় সাংসদ আবদুল মতিনের কাছে আবেদন করে বাকি ৫০০ ফুট রাস্তার মাটি ভরাটের ব্যবস্থা করবেন।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রঘুনাথপুর গ্রামের ৫০০ ফুট রাস্তা সংস্কারে ইউপি সদস্য রেহেনা বেগম একটি প্রস্তাব দিয়েছেন। তা এখনো অনুমোদন হয়নি।