স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
কয়েকজন তরুণ ও যুবক রাস্তার সংস্কার করছেন। তাঁদের গায়ে সাদা গেঞ্জি। এতে লেখা ‘গ্রাম উন্নয়ন সংগঠন’। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে এ রকম দৃশ্য প্রায়ই চোখে পড়ে। সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমে এ কাজ করেন।
গ্রাম উন্নয়ন সংগঠন গত এক বছরে এ ইউনিয়নে আট কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার করেছে। এর পাশাপাশি অন্য কার্যক্রমও চালাচ্ছে সংগঠনটি। এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় ও নিজেদের চাঁদায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিরঘাটা গ্রামের গাজী বিপণিবিতানের একটি কক্ষ গ্রাম উন্নয়ন সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে গিয়ে দেখা যায়, সংগঠনের ২০-২২ জন সদস্য রাস্তার সংস্কারকাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। কয়েকজন সদস্য জানান, ডোহাতলী থেকে গুড়পাড়া পর্যন্ত দুটি রাস্তার সংস্কারকাজ শুরু হয়েছে। এরপর তাঁরা টাকিয়া কদমা পূর্বপাড়া থেকে তরফপুর ছোলা মাঠ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার কাজ করবেন। এ কাজে গ্রামবাসী কোদাল, দা, কাস্তেসহ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেন। আগে সপ্তাহে দুই থেকে তিন দিন কাজ করলেও এখন প্রতি শনিবার কাজ করেন।
সংগঠনটির যৌথ সভাপতি হিসেবে রয়েছেন শিরঘাটা গ্রামের রুবেল মাহমুদ (২৭) ও শাহীন মিয়া (২৫)। তাঁরা দুজন বলেন, তাঁরা অবসর সময় আড্ডা দিয়ে কাটাতেন। তাঁরা ভাবলেন, সময়টা ভালো কাজে ব্যয় করবেন। গত বছরের ফেব্রুয়ারিতে শিরঘাটা গ্রামের ১২ তরুণ ও যুবক স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। পরে পার্শ্ববর্তী ডোহাতলী ও ধানচালা গ্রামের আরও কয়েকজন যোগ দেন। বর্তমানে সংগঠনটির সদস্য ৩০ জন। লেখাপড়া শেষ করে অধিকাংশ সদস্য পারিবারিক ব্যবসা ও কৃষিকাজ করেন। কয়েকজন পড়ালেখাও করছেন। সংগঠনের সদস্যরা প্রতি সপ্তাহে ২০ টাকা করে চাঁদা জমা দেন। এলাকাবাসীও টাকাপয়সাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেন। এলাকায় বিভিন্ন অনুষ্ঠানেও তাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। সামনে মেয়েদেরও সংগঠনের সদস্য করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংগঠনটির সদস্যরা গত এক বছরে এলাকার প্রায় আট কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার করেছেন। গত বর্ষায় তাঁরা চলাচলের অনুপযোগী পেকুয়া-পাথরঘাটা পাকা রাস্তার মাথা থেকে (ধানচালা) ছিটমামুদপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার করেন। এ ছাড়া তরফপুর আশ্রয়ণ প্রকল্প থেকে বরইবাজার বিপণিবিতান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার, শিরঘাটা স্কুল পর্যন্ত এক কিলোমিটার, ডোহাতলী পূর্বপাড়া জামে মসজিদ থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত আধা কিলোমিটার, গাজী বিপণিবিতান থেকে ধানচালা পর্যন্ত আধা কিলোমিটার সংস্কার করা হয়েছে।
তরফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ‘একদিন সকালে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। হঠাৎ কয়েকজন যুবকের হাতে ঝাঁকা আর কোদাল দেখে থেমে যাই। এগিয়ে গিয়ে যুবকদের কাজ দেখি। দীর্ঘ সময় চেয়ারম্যান থাকার পরও আমি এ ধরনের উদ্যোগ নিতে পারিনি। ভালো কাজে তাঁদের এত আগ্রহ দেখে খুশি হয়েছি।’
গাজী বিপণিবিতানের ব্যবসায়ী মো. এমদাদুল হক বলেন, তাঁদের কাজের সুফল পাচ্ছেন ছিটমামুদপুর, তরফপুর, শিরঘাটা, ধানচালা, পাথরঘাটা, বড়চালা, বাঁশতৈল, ডোহাতলী, বস্তিবাজার, টাকিয়া কদমা, লতিফপুরসহ আশপাশের গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। খারাপ রাস্তার কারণে এলাকার কৃষকেরা ধান-চাল, আম, কাঁঠাল ও শাকসবজি সময়মতো বাজারে নিতে পারতেন না। এখন কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারে নিতে পারছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন বলেন, ধারাবাহিকভাবে স্বেচ্ছাশ্রমের এ কার্যক্রম প্রশংসনীয়। তাঁদের ভালো কাজে আগ্রহ জোগাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।