স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন পারকোলাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার লোকজন গতকাল শুক্রবার স্বেচ্ছাশ্রমে একটি রাস্তা সংস্কার করেছেন। এ কাজে প্রায় দুই হাজার লোক অংশ নেন। রাস্তাটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো কাজ না হওয়ায় অবশেষে এলাকাবাসী নিজেরাই এটি সংস্কার করলেন।
এলাকার অনেকে জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারকোলা মহল্লার পারকোলা বাজার থেকে মহল্লার মধ্যস্থান পর্যন্ত এক কিলোমিটার এ রাস্তাটি পাঁচ বছর আগে পাকা করা হয়। নির্মাণের পর থেকে কয়েকবার রাস্তাটি বন্যার পানিতে তলিয়ে যায়। এতে কয়েক স্থানে ভেঙে যায়। রাস্তাটি ক্রমেই সরু হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক স্থানের ইট-খোয়া-পাথর-বিটুমিন উঠে যাওয়ায় জনগণের চলাচল কঠিন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কারে বারবার পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
সংস্কারকাজের নেতৃত্বদানকারী মো. আবদুল হালিম জানান, তিন বছর ধরে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। এ রাস্তা দিয়ে মহল্লার সাত হাজার জনগণ প্রতিদিন যাওয়া-আসা করে। এলাকার পক্ষ থেকে পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের মাধ্যমে পৌর কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও তারা সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। পরে তাঁরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার সংস্কার করার চিন্তাভাবনা করেন। পরে এ নিয়ে সভা করা হয়। সভায় সবার কাছ থেকে চাঁদা উত্তোলন করা হয়। এরপর মহল্লার প্রধানদের দিকনির্দেশনায় রাস্তার ধসে যাওয়া তিনটি স্থানে ইট, বালি ও সুরকি দিয়ে সংস্কার করেন। এ কাজে তাঁদের ৭০ হাজার টাকা খরচ হয়েছে।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কার করতে দুই থেকে আড়াই লাখ টাকার প্রয়োজন। ওয়ার্ডভিত্তিক বরাদ্দ কম পাওয়ায় রাস্তাটির সংস্কারকাজ হাতে নেওয়া হয়নি। আগামী অর্থবছরে পৌরসভায় বড় ধরনের বরাদ্দ পাওয়া যাবে। তখন রাস্তাটি পুনরায় ভালোভাবে সংস্কার করা হবে।