স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে নামলেন এলাকাবাসী
দুই গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তাঁদের চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটি সংস্কারের। সম্প্রতি কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ওই রাস্তার একাংশের সংস্কারকাজ হয়। দায়সারা কাজ হওয়ায় এলাকাবাসী ক্ষোভে গতকাল শুক্রবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমে রাস্তার সংস্কারকাজে নেমে পড়েন। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের তেতইরতল-চিরাইরদাঁড়া রাস্তা এটি।
ভুক্তভোগী লোকজনের ভাষ্য অনুযায়ী, জুড়ী-কুলাউড়া সড়কের তেতইরতল থেকে চিরাইরদাঁড়া কাঁচা রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। গোবিন্দপুর ও পশ্চিম গোবিন্দপুর গ্রামের লোকজন এ রাস্তা দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। দুই গ্রামের লোকসংখ্যা প্রায় এক হাজার। এ ছাড়া শুষ্ক মৌসুমে পার্শ্ববর্তী হাকালুকি হাওরের জমি থেকে আশপাশের জায়ফরনগর, হামিদপুর, ভোগতেরা, চাটেরা, হামিদপুর ও কালীনগর গ্রামের লোকজন ফসল আনতে এ রাস্তা ব্যবহার করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, চলতি ২০১৪-১৫ অর্থবছরের রাস্তাটির ৩৫০ মিটার অংশ সংস্কারকাজের জন্য কাবিখার আওতায় ১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়।
সরেজমিনে গতকাল বেলা ১১টার দিকে দেখা গেছে, গোবিন্দপুর ও পশ্চিম গোবিন্দপুরের বিভিন্ন বয়সী শতাধিক লোক রাস্তার সংস্কারকাজ করছেন। তাঁদের কেউ কেউ দুই পাশের নিচু জমি থেকে মাটি কেটে টুকরিতে ভরে রাস্তার ওপর ফেলছেন। কেউ কেউ সেই মাটি কোদাল দিয়ে টেনে সমান করে দিচ্ছেন।
গোবিন্দপুর গ্রামের জয়নাল মিয়া, হেলাল মিয়া, কামরুল ইসলাম; পশ্চিম গোবিন্দপুরের সর্বেশ বিশ্বাসসহ আরও কয়েকজন ক্ষোভের সঙ্গে জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে পানি বেড়ে রাস্তাটি তলিয়ে যায়। তখন এলাকাবাসী অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন। দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর গত ডিসেম্বরে ছয়-সাত দিন রাস্তায় কাজ হয়। এ সময় শ্রমিকেরা দায়সারা কাজ করেন। মাটি ফেলে রাস্তাটি পর্যাপ্ত উঁচু করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি দুই গ্রামের পঞ্চায়েতের লোকজন বৈঠক করে স্বেচ্ছাশ্রমে পুরো রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নেন। সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত কাজ হবে।
রাস্তার সংস্কারকাজের প্রকল্প কমিটির সভাপতি জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল খালিক জানান, দুই কিস্তিতে পাওয়া পাঁচ মেট্রিক টন খাদ্যশস্য দিয়ে রাস্তাটির প্রায় ২৫০ মিটার জায়গায় মাটি ভরাট করে দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন। বাকি পাঁচ মেট্রিক টন খাদ্যশস্য পিআইওর কার্যালয় থেকে ছাড় হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেওয়া হবে। স্বেচ্ছাশ্রমে কাজের বিষয়টি তাঁর জানা নেই।
পিআইও মো. শিমুল আলী বলেন, দাপ্তরিক ব্যস্ততার কারণে তেতইরতল-চিরাইরদাঁড়া রাস্তার সংস্কারকাজ তাঁর দেখা হয়নি। আগামী রোববার রাস্তাটি দেখতে যাবেন। কাজে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।