স্বেচ্ছাশ্রমে রাস্তার পাশে ১০ হাজার বৃক্ষরোপণ

বগুড়ার আদমদীঘিতে স্বেচ্ছাশ্রমে ৭ কিলোমিটার রাস্তার দুই পাশে প্রায় ১০ হাজার ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করেছে উপজেলার কৈকুড়ি বেকার কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত রোববার থেকে এই কর্মসূচি শুরু হয়। বৃক্ষরোপণের এই কর্মসূচিতে গাছ দিয়ে সহায়তা করেছে উপজেলা বন বিভাগ।
সংগঠনের সাধারণ সম্পাদক এম আর সাগর আহম্মেদ জানান, তাঁদের সংগঠন বিভিন্ন সময় গ্রামে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। তিনি ও তাঁর সংগঠনের ৬০ জন সদস্য নিজ গ্রামসহ আশপাশের গ্রামের রাস্তার দুই পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেন। এ বিষয়ে তাঁরা উপজেলা বন বিভাগের সহায়তা কামনা করে গাছ সরবরাহের জন্য লিখিত আবেদন করলে বন বিভাগ তাঁদের ওই ১০ হাজার গাছ প্রদান করে। গতকাল মঙ্গলবারের মধ্যে তাঁরা এসব গাছ রোপণ করেছেন।
গত রোববার থেকে শুরু হয় বৃক্ষরোপণ। প্রাথমিক পর্যায়ে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পাহালোয়ানপাড়া গ্রাম থেকে কোমারপুর ও শালগ্রাম থেকে আমইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বৃক্ষ রোপণ করা হবে বলে জানান সংগঠনটির সদস্যরা। এম আর সাগর আহম্মেদ আরও জানান, বৃক্ষ রোপণ করার পর এগুলো দেখভাল ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন সংগঠনের সদস্যরা। উপজেলা বন বিভাগের দেওয়া গাছ ছাড়াও সংগঠনের নিজস্ব অর্থায়নে আরও ৫০০ গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব রাস্তার পাশে গ্রামবাসীর সহায়তায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে।
এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বলেন, সংগঠনটি বৃক্ষরোপণ ছাড়াও নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে। গত ঈদে এই সংগঠনের সদস্যরা গ্রামের বিভিন্ন রাস্তার পাশে জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করেছে। উপজেলা বন কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, যেসব সংগঠন এ ধরনের উদ্যোগ নেবে, বন বিভাগ তাদের সার্বিক সহযোগিতা করবে।