স্বেচ্ছাশ্রমে সড়ক-সাঁকো
বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়নের চারটি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় সাড়ে চার কিলোমিটার কাঁচা সড়কসহ খাল পারাপারে প্রায় ৫০ ফুট লম্বা বাঁশের সাঁকো তৈরি করেছে। ইউনিয়নের বেলগাছি, কল্যাণী, চরবেলগাছি ও আওলাকান্দি গ্রামের নারী-পুরুষ এক মাস ধরে এই স্বেচ্ছাশ্রমে অংশ নেন।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সড়কগুলো তৈরির কাজ শেষ পর্যায়ে। চলছে ছোট-বড় মাটির ঢিল ভেঙে সড়কের ওপর বিছিয়ে দেওয়ার কাজ। প্রতিটি সড়ক তৈরি করা হয়েছে প্রায় পাঁচ ফুট প্রস্থের।
বেলগাছি দাখিল মাদ্রাসার শিক্ষক ফারুক আহমেদ বলেন, বেলগাছি সেতুর পর পাকা সড়কের ডান পাশ দিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরত্বের বেলগাছি-আওলাকান্দি সড়ক; সেতুর বাঁ পাশ থেকে বেলগাছি-কল্যাণী গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার ও বেলগাছি-চরবেলগাছি গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক ও এ সড়কের মধ্যে কোলাখালের ওপর বাঁশের প্রায় ৫০ ফুট লম্বা সাঁকো তৈরি করা হয়েছে।
বেলগাছি গ্রামের পশ্চিমপাড়ার আবু সাঈদ খান বলেন, নতুন সড়কের কারণে আওলাকান্দি গ্রামের ১৫০টি পরিবার, কল্যাণী গ্রামের ৩০০টি পরিবার ও চরবেলগাছি গ্রামের ২০০ পরিবারের চলাচল নিয়ে কষ্ট দূর হয়েছে।
গ্রামের কৃষক ফজলুল হক বলেন, গ্রামের ভেতরে সড়ক না থাকায় চলাচল নিয়ে তাঁদের দুর্ভোগ ছিল বহু দিন ধরে। প্রতিবছর খেতের ফসল বাজারে তুলতে বাড়তি টাকা খরচ হয়ে যেত। এবার তাঁদের কষ্ট দূর হবে।
আওলাকান্দি গ্রামের রহমত আলী বলেন, বাড়িতে কেউ অসুস্থ হলে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য উপজেলা শহরে নেওয়া যেত না। খেতের আইল ছিল গ্রামের ছেলেমেয়েদের স্কুল-কলেজে যাতায়াতের পথ। এখন তাঁদের দুশ্চিন্তা নেই।
সুঘাট ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রামবাসী সম্মিলিত উদ্যোগে খেতের জমি ছেড়ে দিয়ে নতুন সড়ক তৈরি করেছেন।