স্বেচ্ছাশ্রমে সাঁকো, মানুষের স্বস্তি

জামালপুরের বকশীগঞ্জের জিঞ্জিরাম নদ টালিয়াপাড়া গ্রামকে উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। স্থানীয় লোকজন, বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খেয়ায় নদ পারাপার হতে ভীষণ কষ্ট হতো। এ কষ্ট দূর করার জন্য ওই গ্রামের বাসিন্দারাই উদ্যোগ নিয়েছেন। তাঁরা স্বেচ্ছাশ্রমে নদের ওপর একটি সাঁকো নির্মাণ করেছেন।
স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া কয়েকজন জানান, অর্থ, বাঁশ ও কাঠ সংগ্রহ করে তাঁরা স্বেচ্ছাশ্রমে ১০০ মিটার দীর্ঘ সাঁকো তৈরি করেছেন। টানা ১৫ দিন পরিশ্রম করে এটি নির্মাণ করা হয়েছে। এটি তৈরির কাজ শেষ হয়েছে গত শনিবার। এতে গ্রামের সহস্রাধিক মানুষের ভোগান্তি কমে গেছে।
গত রোববার সরেজমিনে গ্রামবাসীদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, জিঞ্জিরাম নদের ওপর সেতু না থাকায় টালিয়াপাড়া গ্রামের মানুষদের সব সময় নৌকায় নদ পার হয়ে উপজেলা সদরসহ হাট-বাজারে যাতায়াত করতে হতো। এ ছাড়া শতাধিক শিক্ষার্থীকে নদ পার হয়ে ওপারের ভাত খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাসির উদ্দিন উচ্চবিদ্যালয় ও কিয়ামত উল্লাহ কলেজে যেতে হতো। ফলে বাধ্য হয়ে তাঁরা সাঁকোটি নির্মাণ করেছেন। তবে তাঁরা ওই স্থানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন।
নাসির উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আশা আক্তার বলে, ‘টালিয়াপাড়া শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় নদী পার হয়ে বকশীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করতে হয়। নদীবেষ্টিত গ্রাম হওয়ার কারণে সারা বছর ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে নদী পার হয়েছি। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে সাঁকোটি নির্মাণ হওয়ার পর আমাদের ভীষণ উপকার হয়েছে।’
বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রমজান আলী প্রথম আলোকে বলেন, পুরো উপজেলায় কয়েকটি সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প তৈরির প্রস্তুতি চলছে। ওই সাঁকোটি পরিদর্শন করে ওই প্রকল্পের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।