স্বেচ্ছাশ্রমে সাঁকো, সংযোগ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের গদাই রূপসী গ্রামের লোকজন নিজেদের টাকা ও শ্রমে গত রোববার তৈরি করেছে ৩২০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো। একইভাবে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গত বৃহস্পতিবার দুই গ্রামের বাসিন্দারা মিলে স্বেচ্ছাশ্রমে একটি সাঁকো এবং সংযোগ সড়ক তৈরি করেছে।গদাই রূপসী গ্রামের লোকজনের এই উদ্যোগকে স্বাগত জানাতে বেলা ১১টায় সেখানে যান ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সুলতানা জাহান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি প্রশংসনীয় উদ্যোগ। তাই গ্রামবাসীকে বাহবা জানাতে এসেছি। প্রতিটি গ্রামের মানুষ যদি এভাবে নিজেদের উদ্যোগে তাদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে, তাহলে অবশ্যই একদিন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।’গ্রামবাসী জানান, গদাই রূপসী গ্রামে ২৫০টি পরিবারের বাস। গ্রামের মধ্য দিয়ে একটি খাল প্রবাহিত হওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত ছিল। শুকনো মৌসুমেও খালের পানি পার হয়ে এক পারের লোকজনের অন্য পারে যেতে হতো। আর বর্ষা মৌসুমে নৌকা ছাড়া খাল পার হওয়া যেত না, তখন দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যেত। উপজেলা সদর ও স্থানীয় হাটবাজারে যেতে তাদের ভোগান্তি পোহাতে হতো। এ সমস্যা নিরসনে গ্রামবাসী একত্র হয়ে প্রতিটি বাড়ি থেকে চাঁদা তুলে সাড়ে আট হাজার টাকা সংগ্রহ করে। এই টাকা দিয়ে বাঁশ ও দড়ি কিনে শুরু হয় সাঁকো তৈরির কাজ।গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, সাঁকোটি তৈরির জন্য গ্রামের প্রত্যেক মানুষ যে যার সাধ্যমতো টাকার জোগান দিয়েছে। গ্রামের ছালেহা বেগম বলেন, ‘বান আসলি আমাগের কষ্টের সীমা থাকত না। পানির মধ্যি দিয়ে চলাচল করা লাগত। মসজিদির কলে (টিউবওয়েল) খাওয়ার পানি আনবের জন্যি পানির মধ্যি দিয়ে যাওয়া লাগত। ইবার সাঁকোডা হয়া মেলা সুবিধে হয়ছে। ভালোই লাগতেছে।’অপর দিকে উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর ও কালীরপাঠ গ্রামের মানুষ গত বৃহস্পতিবার স্বেচ্ছাশ্রমে নলকাটা খালের ওপর ১১০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো এবং ৫০০ ফুট দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করেছে। সাঁকো নির্মাণে স্থানীয়ভাবে বাঁশ, সুতলি, গুনা ও অন্যান্য সামগ্রী তারা নিজেরাই সংগ্রহ করেছে।সাঁকো ও সংযোগ সড়ক না থাকায় আগে দুই গ্রামের সহস্রাধিক পরিবারের লোকজনের প্রায় চার কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এতে তাদের বিড়ম্বনার অন্ত ছিল না। বর্ষাকালে এই ভোগান্তি আরও বাড়ত। পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র হাসান ও পাঁচপীর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাশেদা বেগম বলে, কয়েক বছর ধরে অনেক কষ্ট করে তাদের যাতায়াত করতে হতো। তাই গত বৃহস্পতিবার গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই সাঁকো এবং সংযোগ সড়ক নির্মাণ করে। ওই দিন সাঁকোটি উদ্বোধনের সময় ভাওয়াইয়া গানের আয়োজন করা হয়।দুর্গাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ইচ্ছা থাকলে এবং গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করা গেলে যেকোনো কঠিন কাজ সহজেই করা সম্ভব।