স্বেচ্ছাশ্রমে সাঁকো, স্বস্তিতে ছয় গ্রামের বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুরঘাটা মহল্লার কাছে গাংনাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে ১৭২ ফুট দীর্ঘ বাঁশের এই সাঁকো নির্মাণ করেছেন স্থানীয় জনসাধারণ। গতকাল সাঁকোটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুরঘাটা মহল্লার কাছে গাংনাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে ১৭২ ফুট দীর্ঘ বাঁশের এই সাঁকো নির্মাণ করেছেন স্থানীয় জনসাধারণ। গতকাল সাঁকোটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

দাবি ছিল অনেক দিনের। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর মেলেনি কিছুই। তাই সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে গ্রামবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমে গাংনাই নদের ওপর ১৭২ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো তৈরি করেছে। সেই সাঁকোর দৌলতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছয়টি গ্রামের মধ্যে সহজ সংযোগ ঘটেছে। দীর্ঘদিন ধরে যাতায়াতের সমস্যায় ভোগা দুই পারের প্রায় ২০ হাজার মানুষ এখন স্বস্তির নিশ্বাস ফেলছে।

গতকাল শনিবার দুপুরে সাঁকোটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান ও শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাঁকোটির উদ্বোধন করেন। এ সময় উভয় পারের অনেক লোক উপস্থিত ছিল।

সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের আগে কেউ পানিশূন্য নদের ভেতরে নেমে বাঁশের খুঁটিগুলো ঠিকঠাকমতো আছে কি না, তা পরখ করে দেখছিল, আবার কেউ কোমর বেঁধে পাটাতনের কাজ করছিল। এর মধ্যেই বিদ্যালয় থেকে দৌড়ে আসছিল চতুর্থ শ্রেণির ছাত্র একরাম হোসেন। বাড়ি ফেরার পথে গ্রামের লোকজনকে সাঁকোর কাজ করতে দেখে সে-ও নেমে পড়েছে। আনন্দে লাফাতে লাফাতে বলছে, ‘হামার আর ক্লাস কামাই হবি না। হামি এখন থ্যাকা নিয়মিত ইশকুলোত যাবার পারমো।’

উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একদিকে ভুরঘাটাসহ তিনটি মহল্লা। আরেক দিকে শিবগঞ্জ ইউনিয়নের চাউলাপাড়াসহ তিনটি গ্রাম। মাঝখান দিয়ে বয়ে গেছে গাংনাই নদ। আর এই নদের ওপর একটি সেতু না থাকায় ওই ছয়টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে যাতায়াতের জন্য চরম দুর্ভোগ পোহাতে হতো।

এলাকার সাত-আটজন জানান, নদের ওপর সেতু না থাকায় বিশেষ করে ছাত্রছাত্রীদের দুর্ভোগের সীমা ছাড়িয়ে যেত। বর্ষা মৌসুমের কমপক্ষে দুই মাস ওপারের তিন গ্রামের প্রাথমিকের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারত না। ওই নদের ওপর একটি সেতু নির্মাণের দাবিতে এলাকার লোকজন বহুবার রাজনৈতিক নেতা ও এখানে-সেখানে ধরনা দিয়েছে। আশ্বাসও পেয়েছে। কিন্তু সেতুটি আর নির্মিত হয়নি। শেষে কারও মুখাপেক্ষী না থেকে নিজেরাই কোমর বেঁধে নেমে পড়ে সাঁকো নির্মাণে। মাত্র চার দিনেই স্বেচ্ছাশ্রমে তারা তৈরি করেছে এই বাঁশের সাঁকোটি।

নাটমরিচাই-ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ উদ্দিন বলেন, ‘নদীর ওপারে আমার স্কুলের ৫৪ জন ছাত্রছাত্রী আছে। বর্ষা মৌসুমে নদী ভরে গেলে তখন তারা আর স্কুলে আসে না। তাই বর্ষার দুই মাস স্কুলে শিক্ষার্থী উপস্থিতি অর্ধেকে নেমে আসে। অনেকে আর স্কুলেই আসে না। সাঁকোটি হওয়ায় আশা করছি এ সমস্যা আর থাকবে না।’

তোফায়েল আহমেদ বলেন, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সাঁকো হলো। এখন সরকারিভাবে এখানে একটি সেতু দরকার। এ জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন। তৌহিদুর রহমান বলেন, বাঁশের সাঁকো স্থায়ী সমাধান নয়। নদের ওই ঘাটে একটি সেতু নির্মাণ জরুরি। কিন্তু সেতুটি নির্মাণ করতে ব্যয় হবে অনেক। তারপরও চেষ্টা করে যাবেন যাতে করে সেতুটি করা যায়।