স্বেচ্ছাশ্রমে সাঁকো, স্বস্তিতে বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জের মাটিয়ান পুকুরপাড় গ্রামের পাশে গাংনাই নদের ওপর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। এতে চার গ্রামের মানুষের ভোগান্তি কমেছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
বগুড়ার শিবগঞ্জের মাটিয়ান পুকুরপাড় গ্রামের পাশে গাংনাই নদের ওপর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। এতে চার গ্রামের মানুষের ভোগান্তি কমেছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

স্থানীয় লোকজন অনেক দিন ধরে প্রশাসন, জনপ্রতিনিধিদের বলার পরও বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান পুকুরপাড় গ্রামের পাশে গাংনাই নদের ওপর কেউ সেতু নির্মাণ করেনি। অবশষে স্বেচ্ছাশ্রমে সেখানে প্রায় ১২০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো নির্মাণ করেছেন নদীর আশপাশের চার গ্রামের বাসিন্দারা। এতে কেউ দিয়েছেন বাঁশ, কেউ দিয়েছেন টাকা, আবার কেউ দিয়েছেন স্বেচ্ছাশ্রম।
ওই বাঁশের সাঁকো হওয়ায় উপজেলার মাটিয়ান পুকুরপাড়, বাহাদুরপুর, মাদারগাছি ও পাতাইর গ্রামের প্রায় ১২ হাজার মানুষের ভোগান্তি কমেছে। ২১ এপ্রিল সাঁকোটি সবার চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
গত রোববার সরেজমিনে দেখা যায়, সাঁকোটি উদ্বোধনের আগে যেসব লোক প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন, তাঁরা অতি সহজে সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করছেন। গ্রামের শিশু-কিশোরেরা সাঁকো থেকে পানিতে ঝাঁপ দিয়ে আনন্দ করছে।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাঁশের সাঁকোর এক দিকে মাটিয়ান পুকুরপাড় গ্রাম; অন্যদিকে বাহাদুরপুর, মাদারগাছি ও পাতাইর গ্রাম। এই নদের ওপর সেতু না থাকায় ওই চারটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষকে যাতায়াতের জন্য চরম ভোগান্তির শিকার হতে হতো। ওই নদের ওপর একটি সেতু নির্মাণের দাবি করে এলাকার লোকজন বহুবার রাজনৈতিক নেতা, প্রশাসন ও এখানে-সেখানে ধরনা দিয়েছেন। আশ্বাসও পেয়েছেন। কিন্তু সেতুটি আর নির্মাণ করা হয়নি। শেষে কারও মুখাপেক্ষী না থেকে নিজেরাই সাঁকোটি নির্মাণ করেন। মাত্র ছয় দিনেই স্বেচ্ছাশ্রমে তাঁরা তৈরি করেছেন এই বাঁশের সাঁকো।
মাটিয়ান পুকুরপাড় গ্রামের মোজাম্মেল হোসেন বলেন, এখানে-সেখানে ধরনা দিয়েও কাজ হয়নি। পরে গ্রামের যুবসমাজ উদ্যোগ নেয়। কেউ বাঁশ দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন—এভাবেই স্বেচ্ছাশ্রমে সবাই মিলে এই সাঁকোটি নির্মাণ করেছেন। একই গ্রামের হাফিজার রহমান বলেন, নদের ওপারে তাঁদের বেশির ভাগ জমি। চাষাবাদে তাই ভীষণ সমস্যায় পড়েছিলেন। সাঁকোটি হওয়ায় যাতায়াতের পাশাপাশি কৃষিক্ষেত্রেও তাঁদের এখন অনেক সুবিধা হবে।
বাহাদুরপুর গ্রামের গৃহবধূ আলেয়া বেগম বলেন, ‘আমার ছেলে মাটিয়ানের কেজি স্কুলে পড়ে। সাঁকো না থাকায় তাকে অনেক ঘুরে স্কুলে যেতে হতো। এখন এ সমস্যা থেকে আমরা আপাতত মুক্তি পেলাম। আমরা এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।’
উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আফছার আলী বলেন, তিনি চেয়ারম্যান থাকার সময় এখানে একটি পাকা সেতু করার জন্য জেলা পরিষদে আবেদন করেছিলেন। এরপরও সেতু নির্মিত হয়নি।
বর্তমান ইউপি চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এলাকার ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সাঁকো হলো। এখন সরকারিভাবে এখানে একটি সেতু দরকার।
বগুড়া জেলা পরিষদের সদস্য আবদুল করিম বলেন, বাঁশের সাঁকো স্থায়ী সমাধান নয়। তিনি চেষ্টা করবেন, যাতে এখানে শিগগিরই একটি সেতু নির্মাণ করা যায়।