স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নের কাটাখালের ওপর স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ করেছে স্থানীয় দুই গ্রামের বাসিন্দারা। চলাচলের জন্য গত বুধবার সেতুটি খুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী ও হোগলাবুনিয়া গ্রামের মধ্য দিয়ে কাটাখাল প্রবাহিত। খালটিতে সেতু না থাকায় বিদ্যালয়গামী শিক্ষার্থী ও গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হতো। সেতুর অভাবে যানবাহন ও মোটরসাইকেলে আট কিলোমিটার ঘুরে চলাচল করতে হতো। এ কারণে স্থানীয় দুই গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে ৪৫ হাজার টাকায় কাঠ কিনে স্বেচ্ছাশ্রমে সেতুটি নির্মাণ করে। ১৫ দিনে নির্মাণকাজ শেষ করে বুধবার সেতুটি উদ্বোধন করা হয়।
স্থানীয় ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শিরিন আক্তার বলে, ‘সেতু না থাকায় আমরা ঝুঁকি নিয়ে এত দিন সাঁকো পার হতাম।’
পত্তাশী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গনি জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসী সেতুটি নির্মাণের দাবি করে আসছিল। সরকারি সহায়তা না পেয়ে তারা নিজ উদ্যোগে সেতুটি নির্মাণ করেছে।