স্বেচ্ছাশ্রমে স্বস্তি

সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা না করে স্বেচ্ছাশ্রমে রাস্তার ভাঙা অংশ মেরামত করলেন এলাকাবাসী। গত বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইটুলা-সিন্দুরখান বাজার রাস্তায় এই কাজ করা হয়। এতে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইটুলা-সিন্দুরখান বাজার রাস্তার আলেক মিয়ার বাড়ি-সংলগ্ন কালভার্টের দুই পাশের মাটি ধসে পড়ে আছে। এ কারণে এই অংশ দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। এ ছাড়া কালভার্টের পাশে প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন অংশে গর্ত হওয়ায় হেঁটেও চলাচল করা যাচ্ছিল না। বুধবার একদল সংবাদকর্মী এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কালভার্টের কাছে তাঁদের গাড়ি আটকা পড়ে। তাৎক্ষণিকভাবে সাংবাদিকেরা বিষয়টি সিন্দুরখান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন রায়কে মুঠোফোনে জানান। এরপর রিপন রায় ঘটনাস্থলে ছুটে আসেন। সমস্যার সমাধান করতে আশপাশের বাড়িঘরের লোকজনকে ডেকে আনেন। সবার সঙ্গে কথা বলে একপর্যায়ে নিজেরাই কোদাল নিয়ে মাটি কাটতে লেগে যান। টুকরি দিয়ে মাথায় করে মাটি বহন করে ভাঙা অংশ ভরাট করেন। প্রায় দুই ঘণ্টার স্বেচ্ছাশ্রমে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হয়।
ইউপি সদস্য রিপন রায়সহ স্বেচ্ছাশ্রমে সাইটুলা গ্রামের তেরাই মিয়া, আদম উল্লাহ, মুজিবুর রহমান, মন্নান তালুকদার, রাসেল মিয়া, মনর মিয়া, মন্নান মিয়া, নাসির তালুকদার, নজরুল মিয়া, বিষ্ণু মাঝি, জিতু মিয়া, জামান মিয়া, ফয়জুল আহমদ, কাদির মিয়া, চুনু মাঝি, অনিল সাঁওতাল, সেকুল মিয়া প্রমুখ অংশ নেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন সিন্দুরখান ইউপির ৯ নম্বর ওয়ার্ডের কোনাগাঁও, নওয়াগাঁও, ঘাটিবস্তি ও সাইটুলা গ্রামের সহস্রাধিক মানুষ চলাচল করে।