স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ
কিশোরগঞ্জের করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার তিনটি গ্রামের বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে তিন কিলোমিটার দীর্ঘ একটি সড়ক। সরকারি বা বেসরকারি কোনো সংস্থার সহায়তা ছাড়াই নারী-পুরুষের নিরলস শ্রমে গতকাল রোববার সড়কের নির্মাণকাজ শেষ হয়।গ্রামবাসী সূত্রে জানা গেছে, করিমগঞ্জের চর দেহুন্দা গ্রামের ভূঁইয়াবাড়ি থেকে কানাইয়ার পাড় হয়ে তাড়াইল উপজেলার জটারকান্দা গ্রামের মধ্যে এত দিন যাতায়াতের কোনো সড়ক ছিল না। সরকারি রেকর্ডে থাকলেও বাস্তবে সড়কের অস্তিত্ব ছিল না। সড়ক বেদখল হওয়ার কারণে গ্রামবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। পরিবহনব্যবস্থার অভাবে গ্রামের কৃষকেরা উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করতে পারতেন না। এতে ফসলের ন্যায্য মূল্য থেকে তাঁরা বঞ্চিত হতেন। এ ছাড়া অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও গ্রামবাসীর ভীষণ বেগ পেতে হয়েছে। তাই গ্রামবাসী উদ্যোগী হয়ে সড়ক নির্মাণের কাজে হাত দেয়।সড়ক নির্মাণের মূল উদ্যোক্তা জটারকান্দা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান ও কৃষক আবদুল আজিজ জানান, সড়ক নির্মাণের কাজটি সহজ ছিল না। এ জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেক দেনদরবারের পর গ্রামবাসী সড়কের ওপর থেকে দখলে থাকা স্থাপনা ও গাছপালা সরিয়ে নেওয়ায় সড়ক নির্মাণ সম্ভব হয়েছে।তাড়াইলের দিকদাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সারোয়ার আলম জানান, সড়ক নির্মাণে গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ সড়কের কারণে দুই উপজেলার মানুষই উপকৃত হবে।