স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যায় ভেঙে যাওয়া একটি সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। গতকাল সোমবার সকাল থেকে মালিপাড়া এলাকার লোকজন কাজ শুরু করে। উপজেলার এক লাখ মানুষের দুর্ভোগ দূর করতে তারা একত্র হয়ে কাজ করতে এগিয়ে আসে।

মালিপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া-মালিপাড়া-বামুনজানি সড়কের মালিপাড়া এলাকায় সাতটি স্থান বন্যার পানির তোড়ে গত বুধবার ভেঙে যায়। এর দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। ভেঙে যাওয়ায় পোগলদিঘা, মনসুরনগর ও চর গ্রিস ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যাতায়াতে ছয় দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে।

গতকাল সোমবার সকাল নয়টা থেকে মালিপাড়া এলাকার বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে সড়কের মেরামত শুরু করেছেন। তাঁরা কয়েকটি দল গঠন করে কাজটি করছে। একদল বাড়ি বাড়ি গিয়ে বাঁশ, বস্তা ও বালু সংগ্রহ করছে। আরেক দল সড়কের পাশে বাঁশ পুঁতে তার মধ্যে বালুর বস্তা ফেলছে।

 মালিপাড়া গ্রামের দুলাল হোসেন বলেন, বন্যার পানির চাপে সড়কের কয়েকটি স্থান ভেঙে যাওয়ায় গ্রামের লোকজন গত রোববার রাতে মালিপাড়া দাখিল মাদ্রাসা মাঠে বসে এটি সংস্কারের সিদ্ধান্ত নেয়। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্যকহিনূর মিয়া।

আবদুল হামিদ বলেন, ‘গ্রামের সবাই সড়কে মেরামতকাজ না করলে ঈদের আগে লোকজনের সমস্যা হবে। তাই বাঁশ ও বস্তা দিয়ে সড়ক মেরামত করতে আসছি।’

মালিপাড়া গ্রামের বাসিন্দা পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য কহিনূর মিয়া বলেন, ‘এলাকাবাসী মানবকল্যাণে সড়ক মেরামতে স্বেচ্ছায় সড়কে কাজ করছে। আমি শুধু তাঁদের প্রেরণা জুগিয়েছি।’

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, মালিপাড়া গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে বন্যায় ভাঙনকবলিত সড়ক মেরামতে এগিয়ে এসেছে। দেশের সবাই এভাবে সড়ক ও রাস্তা মেরামতে এগিয়ে এলে মানুষ আর দুর্ভোগ পোহাবে না।

ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, মালিপাড়া গ্রামের লোকজনকে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করেত দেখে বন্যাকবলিত অন্য এলাকার মানুষও উদ্বুদ্ধ হবে।