স্বেচ্ছাশ্রমেই সড়ক নির্মাণ করলেন কজোইছড়িবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ বছর পর স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের কজোইছড়ি গ্রামের মানুষ। গত মঙ্গলবার দুপুরে নির্মাণকাজ শেষ হয়।কজোইছড়ি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮০ সালে ৪৬টি পরিবার ওই গ্রামে বসতি শুরু করে। এখন পরিবারের সংখ্যা ৮০টি। দীর্ঘদিন ধরে গ্রামে সড়ক নির্মাণের জন্য আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি। গত বছরের ১ ডিসেম্বর গ্রামের বৌদ্ধমন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শেষে গ্রামের লোকজন ও বৌদ্ধমন্দিরের অধ্যক্ষ ককুসন্দ ভিক্ষু বৈঠক করেন। এতে সিদ্ধান্ত হয়, প্রতি পরিবারে একজন করে শ্রম দিয়ে সদরের সঙ্গে সড়ক নির্মাণ করা হবে। ৭ ডিসেম্বর থেকে গ্রামবাসী সড়ক নির্মাণের কাজ শুরু করেন।কজোইছড়ি গ্রামের শ্যামলধন চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৯৮০ সালে গ্রামে বসতি শুরু করেছি। তার পর থেকে সরকারের কাছে রাস্তা নির্মাণের জন্য আবেদন করে আসছি। এক সরকার যায়, আরেক সরকার আসে, কোনো সরকার সড়ক দিল না। গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। আট থেকে দশ কিলোমিটার দূরের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নেই। তাই গ্রামবাসী মিলে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।’স্থানীয় ইউপির সদস্য সবিলাল চাকমা বলেন, ‘এত দিন আমরা ঝোপঝাড় ও জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলাচল করতাম। এখন গ্রামে যেকোনো গাড়ি যাবে।’মারিশ্যা ইউপির চেয়ারম্যান তন্টুমনি চাকমা জানান, কজোইছড়ি গ্রামের লোকজন সড়ক নির্মাণের বিষয়টি তিনি শুনেছেন। এটা প্রশংসার যোগ্য। সরকারের কাজটা তাঁরা নিজেরাই করেছেন। কজোইছড়ি স্বর্ণটিলা বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ককুসন্দ ভিক্ষ জানান, ৭ ডিসেম্বর কাজ শুরু করে মঙ্গলবার শেষ করা হয়েছে।