স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের ছয় নেতার কারামুক্তি
রাজধানীর খিলগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলায় গতকাল বুধবার রাত ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (হাই সিকিউরিটি) থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতা মুক্তি পেয়েছেন।মুক্তিপ্রাপ্ত নেতারা হলেন: স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী, সাধারণ সম্পাদক মীর শরফত আলী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম ও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। এর আগে গত সোমবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও আবু তাহের মো. সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ তাঁদের ছয় মাসের জামিন দেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক বলেন, জামিননামার কাগজ যাচাই-বাছাই করে গতকাল রাত ১০টার দিকে ওই ছয়জনকে মুক্তি দেওয়া হয়েছে। জামিন পাওয়া নেতাদের আইনজীবী সগির আহমেদ জানান, ২১ এপ্রিলের হরতালের আগের দিন ঢাকার খিলগাঁও এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ১৫ জুন তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।