স্বেচ্ছাসেবক ও কৃষক লীগ নেতাদের নামে মামলা
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ করা নিয়ে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় পার্কের ইজারাদার শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, থানা কৃষক লীগের সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আব্দুল হামিদ ওই মামলা করেন। মামলায় শ্রীপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সফিকুর রহমান, শ্রীপুর থানা কৃষক লীগের সভাপতি মো. কবির হোসেনসহ চারজনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল লতিফ (৩৫), খবির হোসেন (৩৬), মোস্তফা (৩২), সাইফুল (৩৮) ও হেলেনা বেগম (৪৮)। গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সৈয়দ আব্দুল হামিদ বলেন, বন অধিদপ্তর থেকে ১৮৫ জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড়ের প্যাকেজ নিয়ে শনিবার দুপুরে শিক্ষার্থীরা পার্কে ঢুকছিলেন। এ সময় পার্কের গেটের ইজারাদারেরা শিক্ষার্থীদের আইডি কার্ড দেখতে চান। প্রথম বর্ষ বাদে অন্য বর্ষের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখনো কোনো আইডি কার্ড ইস্যু না হওয়ায় তাঁরা ভর্তির রসিদ ও লাইব্রেরি কার্ড দেখান। তবু তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় এবং অতিরিক্ত টাকা দাবি করা হয়। এ নিয়ে ইজারাদারের লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গেটের ইজারাদার সফিকুর রহমান এবং শ্রীপুর থানা কৃষক লীগের সভাপতি মো. কবির হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হন। এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাগ, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।