স্বেচ্ছাসেবক দল নেতার কবজি কাটলেন বিএনপি-যুবদলের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতাল অবস্থায় এক যুবককে মারধরের প্রতিবাদ করায় সাভারে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল হোসেন সিরাজীর (৩০) বাঁ হাতের কবজি ও দুই পায়ের রগ কেটে দিয়েছে বিএনপি ও যুবদলের কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা  সাড়ে ১১টার দিকে শতাধিক লোকের উপস্থিতিতে সাভারের বটতলী বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তাও আহত হন।

ইসমাইল হোসেন তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি সাভারের ঝাউচর গ্রামের লিচু মিয়ার ছেলে। রাজনীতির পাশাপাশি জমির ব্যবসা করেন তিনি। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা।

সাভার মডেল থানা পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল বুধবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝাউচর এলাকার ইব্রাহীম ও কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন যুবদলের নেতা আনোয়ার হোসেন মদ পান করে মাতলামি করেন। ওই এলাকার আবুল কাশেম এর প্রতিবাদ করেন। পরে ইব্রাহীম ও আনোয়ার তাঁকে মারপিট করেন।

ওই ঘটনার জের ধরে আজ সকালে স্থানীয় বটতলী বাজারে ইসমাইল হোসেনের সঙ্গে ইব্রাহীম ও আনোয়ারের বাগবিতণ্ডা হয়। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে নানা কারণে বিরোধ চলে আসছিল। বাগবিতণ্ডার একপর্যায়ে ইব্রাহীম ও আনোয়ার চলে যান। এর আধা ঘণ্টা পরে ওই দুজন তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেনসহ স্থানীয় খবির, মনির ও কাদিরকে নিয়ে বটতলী বাজারে যান। সেখানে উপস্থিত লোকজনের সামনে ইসমাইলের ওপর হামলা চালান তাঁরা। এ সময় ইসমাইলের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কেরানীগঞ্জের কলাতিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তাঁর এলাকা মনে করে ঘটনাস্থলে গিয়ে ইটের আঘাতে আহত হন।

ইসমাইলের ভাই খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা আরও জানান, সংঘর্ষের একপর্যায়ে বাবুল, ইব্রাহীম ও তাঁর লোকজন চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে ইসমাইলের দুই পায়ের রগ ও বাঁ হাতের কবজি কেটে দেন। এরপর তাঁরা কাটা কবজি হাতে নিয়ে উল্লাস করতে করতে বাজার থেকে চলে যান।

কেরানীগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল কবীর বলেন, ঘটনাস্থল সাভার ও কেরানীগঞ্জের সীমান্তবর্তী এলাকায়। সংঘর্ষের খবর পেয়ে কলাতিয়া ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাটি তাঁর এলাকায় মনে করে সেখানে যান। এ সময় তিনি ইটের আঘাতে আহত হন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের মধ্যে আগে থেকে চলে আসা বিরোধের জের ধরে ইসমাইলের দুই পায়ের রগ ও হাতের কবজি কেটে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন।