স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার খাগড়াছড়িতে দলের নেতা-কর্মীদের শোভাযাত্রা করতে দেয়নি পুলিশ। তবে এ উপলক্ষে দলের কার্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আবু তাহের বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টায় খাগড়াছড়ি বাজারের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। কার্যালয়ের ১০০ গজ দূরে প্রধান সড়কে ওঠার আগেই পুলিশ শোভাযাত্রায় বাধা দেয়। পরে সেখান থেকে একটি প্রতিনিধিদল জেলা শহরের খাদ্যগুদাম এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শোভাযাত্রায় বাধা দিলেও দলের নেতা-কর্মীরা এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন।
এ প্রসঙ্গে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন বলেন, আগে থেকে অনুমতি না নেওয়ার কারণে স্বেচ্ছাসেবক দলকে শোভাযাত্রা করতে দেওয়া হয়নি। তবে সংগঠনের কার্যালয়ে কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়নি।
সকালে দলের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। কেক কাটেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ বলে জনগণকে ভয় পায়। সে জন্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রায় বাধা দিচ্ছে। এসব জনগণ কখনোই মেনে নেবে না। সুষ্ঠু নির্বাচন হলে তারা প্রত্যাখ্যাত হবে।