স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকায় সন্ত্রাসীদের হামলায় শুকুর আলী (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের আশুলিয়া ইউনিয়নের কর্মী ও বাসাইদ গ্রামের আলী হোসেনের ছেলে। আশুলিয়া থানার পুলিশ জানায়, গত রোববার বিকেলে সাভারের একটি ক্লিনিকে ভর্তি অসুস্থ মেয়েকে দেখে আশুলিয়ার আউকপাড়ায় শ্বশুরবাড়িতে যান শুকুর আলী। সেখান থেকে দিবাগত রাত একটার দিকে বাসাইদ গ্রামের বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে শুকুরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। শুকুরের ছেলে আবুল হোসেন জানান, তাঁর বাবা এলাকার মাটসুকা অ্যাপারেলস কারখানায় টিফিন সরবরাহের ঠিকাদারি ব্যবসা করতেন। পাশাপাশি তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ধারণা, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষরাই তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ব্যাপারে তাঁর মা জুলেখা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রোববার দিবাগত রাতে শুকুর আলী নিহত হন। শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের পর দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।