স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা, আহত ১০
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে ওই দলের ১০ জন আহত হন। উপজেলার বিশ্বরোড মোড়ে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ও চারটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিম উদ্দিন, কর্মী রিজভী আহমদ, মো. জুয়েল, পলাশ মিয়া, মনির উদ্দিন, মোহামঞ্চদ ইকবাল ও জুয়েল রানা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একটি মাইক্রোবাস ও ২০টি মোটরসাইকেলে করে ময়মনসিংহ যাচ্ছিলেন। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন বিশ্বরোড মোড়ে পৌঁছালে একদল অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা পাঁচটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং চারটি ছিনিয়ে নেয়।
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিম উদ্দিন জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের একটি প্রতিনিধিদল মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। পথে সন্ত্রাসীরা তাঁদের গাড়িবহরে হামলা চালায় এবং মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সর্দার বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।’