স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
সিলেট সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগমের স্বামী স্বেচ্ছাসেবক দলের নেতা তাজুল ইসলামকে (৪০) নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১১টার দিকে নগরের খুলিয়ারপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাজুলকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ রাত ১২টার দিকে অভিযান চালিয়ে খুলিয়ারপাড়া থেকে গুলজার ও দুলাল নামে দুই ভাইকে আটক করেছে। এ দুজন তাজুলের ছেলে সোহান হত্যা মামলারও আসামি।
তাজুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট নগর কমিটির সদস্য। তাঁর স্ত্রী শাহানা বেগম গত মেয়াদে সিটি করপোরেশনের সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে একইভাবে তাজুলের কলেজপড়ুয়া ছেলে সোহান ইসলামকে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা।
তাজুলের ভাই নুরুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে করে এসে তিনজন যুবক তাজুলকে কুপিয়ে চলে যায়। রাস্তা থেকে তাজুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি দুজন দুর্বৃত্তকে চিনেছেন দাবি করে বলেন, তাজুলের ছেলে সোহান হত্যা মামলার আসামিরা এ ঘটনা ঘটিয়েছে।