স্বেচ্ছাসেবক দলের নেতাকে 'পিটিয়ে' পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মশিউর রহমানকে (৪২) পিটিয়ে আহত করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমানের অভিযোগ, গতকাল দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর বাজার থেকে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী মশিউর রহমানকে ধরে নিয়ে যান ও নির্মমভাবে পিটিয়ে তাঁকে আহত করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তিনি বলেন, ফেনী থানার পুলিশ মশিউর রহমানকে সম্পূর্ণ চিকিৎসা না দিয়ে সামান্য প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে।
ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বলেন, তিনি শুনেছেন এলাকার কিছু লোক মশিউর রহমানকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। তবে মারধরের অভিযোগ তিনি অস্বীকার করেন।
পুলিশ জানায়, যেহেতু এলাকার লোকজন মশিউর রহমানকে ধরে পুলিশে সোপর্দ করেছেন, সে জন্য তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।