স্বেচ্ছাসেবক দলের নেতার কবজি ও পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ববিরোধের জের ধরে শতাধিক লোকের উপস্থিতিতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসমাইল হোসেন সিরাজির (৩০) বাঁ হাতের কবজি ও দুই পায়ের রগ কেটে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের সীমান্তবর্তী সাভারের বটতলী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ইসমাইল হোসেন সাভারের ঝাউচর গ্রামের লিচু মিয়ার ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি জমির ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝাউচর এলাকার ইব্রাহীম ও কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন মাতলামি করছিলেন। এ সময় আবুল কাশেম নামের এক ব্যক্তি এর প্রতিবাদ করলে ইব্রাহীম ও আনোয়ার তাঁকে মারধর করেন।
ওই ঘটনার জের ধরে গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় বটতলী বাজারে ইসমাইল হোসেনের সঙ্গে ইব্রাহীম ও আনোয়ারের বাগিবতণ্ডা হয়। দীর্ঘদিন ধরেই ইসমাইলের সঙ্গে ইব্রাহীম ও আনোয়ারের বিরোধ চলে আসছিল। বাগিবতণ্ডার একপর্যায়ে ইব্রাহীম ও আনোয়ার চলে যান। আধা ঘণ্টা পরে ইব্রাহীম ও আনোয়ার তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেনসহ স্থানীয় সন্ত্রাসী খবির, মনির ও কাদিরকে নিয়ে বটতলী বাজারে গিয়ে উপস্থিত লোকজনের সামনে ইসমাইলের ওপর হামলা চালান। এ সময় ইসমাইলের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কেরানীগঞ্জের কলাতিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থলে গেলে ইটের আঘাতে আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে বাবুল, ইব্রাহীম ও তাঁর লোকজন চাপাতি এবং রামদা দিয়ে কুপিয়ে ইসমাইলের দুই পায়ের রগ কেটে দেন। তাঁর বাঁ হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর তাঁরা কবজি হাতে নিয়ে উল্লাস করতে করতে বাজার থেকে চলে যান।
কেরানীগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল কবীর বলেন, ঘটনাস্থল সাভার ও কেরানীগঞ্জের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সংঘর্ষের খবর পেয়ে কলাতিয়া ফাঁড়ির এসআই মিজানুর রহমান সেখানে যান। এ সময় তিনি ইটের আঘাতে আহত হন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, উভয় পক্ষের বিরোধের জের ধরে ইসমাইলের দুই পায়ের রগ ও হাতের কবজি কেটে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন।