স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাফায়াত হোসেনের (৩৫) বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওই ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে শাফায়েতের বাড়ি থেকে ওই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, জিয়ানগর উপজেলার সাউদখালী গ্রামের আওয়ামী লীগের কর্মী আকমলের চোখ উপড়ে ফেলার মামলার আসামি শাফায়াতকে গত শুক্রবার পিরোজপুর কারাগার থেকে এক দিনের রিমান্ডে আনে পুলিশ। শাফায়াতের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁর বাড়ির রান্নাঘরের পাশে মাটি খুঁড়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করে।
সাফায়াতের বোন লাকি বেগম অভিযোগ করে বলেন, ‘অস্ত্র-গুলি উদ্ধারের সময় সাফায়াতকে বাড়িতে আনা হয়নি। পুলিশ আমাদের রান্নাঘরের পাশে মাটি খুঁড়ে সেখানে অস্ত্র ও গুলি লুকিয়ে রাখে। পরে তারা আমার মাকে (সাফিয়া বেগম) ঘুম থেকে জাগিয়ে ওই অস্ত্র-গুলি দেখায়।’ ঘটনাটি সাজানো নাটক বলে দাবি করেন তিনি।