স্বেচ্ছাসেবক দলের নেতার রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহেব আলী খানের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকার কয়েকজন সূত্রে জানা গেছে, সাহেব আলী দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর সম্প্রতি বাড়ি আসেন। রোববার কালিয়া বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথে তিনি ওই হামলার শিকার হন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, সালামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাই খানের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত তাঁর শরীরের বিভিন্ন স্থানে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে তাঁরা সাহেব আলীর দুই পা ও হাতের রগ কেটে দেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে হাই খানের সঙ্গে যোগাযোগ করলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। পরে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। কালিয়া থানার ওসি সুবাস বিশ্বাস বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।