বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল কর্মসূচির মধ্যে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরে স্বেচ্ছাসেবক দলের মিছিলে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। গতকাল সিলেট থেকে চারজন, সাতক্ষীরা ও গাজীপুরে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ এবং দফায় দফায় হরতাল কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই জোট। তবে এর দুই দিন আগে থেকেই সহিংসতা শুরু হয়। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ বুধবার পর্যন্ত ১৩১ জন নিহত ও সহস্রাধিক ব্যক্তি আহত হন।
সিলেট নগরের বারুতখানা এলাকায় গতকাল দুপুরে হরতালের পক্ষে একটি মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মিছিলে পুলিশ লাঠিপেটা করে এবং একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজন কর্মীকে আটক করা হয়। পুলিশের লাঠিপেটায় স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেনসহ পাঁচ কর্মী আহত হন।
একই সময় সিলেট নগরের শাহপরান ও দক্ষিণ সুরমা এলাকায় স্বেচ্ছাসেবক দল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীপক রায়সহ আরও দুই কর্মীকে আটক করে।
বারুতখানা এলাকায় পুলিশের গুলি ছোড়ার বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানান, মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা হয়। এ জন্য নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে।
সাতক্ষীরায় নাশকতার অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে¦জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ বিএনপির দুজন ও জামায়াত-শিবিরের ছয়জন নেতা-কর্মী রয়েছেন। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুরে চারটি পেট্রলবোমাসহ মো. পাভেল মিয়া নামের এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার মধ্যরাতে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-গাজীপুর সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন র্যাব সদস্যরা।