স্বেচ্ছাসেবক দলের সভাপতি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মসমর্পণের পর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খানকে গতকাল রোববার কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত এ আদেশ দেন। হাবিব-উন-নবীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তাঁর অনুসারীরা রাজধানীর আরামবাগে একটি মিনিবাসে আগুন দিয়েছেন বলে জানায় পুলিশ।
হাবিব-উন-নবী মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানায় পুলিশের করা ১৩টি মামলার আসামি। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত দুটি মামলায় জামিন দেন। বাকি ১১ মামলায় জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এসব মামলার মধ্যে ১০টি গত বছরের ৫ মে রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলা। বাকি তিনটি গত বছর বিএনপির ডাকা হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা।
হাবিব-উন-নবীর আইনজীবী সাজ্জাদ হায়দার প্রথম আলোকে বলেন, এসব মামলায় হাবিব-উন-নবী হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিনে ছিলেন।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ গতকাল এক বিবৃতিতে হাবিব-উন-নবীকে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বাসে আগুন: গতকাল দুপুরে রাজধানীর আরামবাগে নটর ডেম কলেজের সামনে হানিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসের আসনসহ ভেতরের কিছু অংশ পুড়ে যায়।