স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারকের এজলাস ভাঙচুর ও আদালতের কাঠগড়া ভেঙে নেতা-কর্মী ছিনতাইয়ের মামলায় গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের সেন্ট্রাল জামে মসজিদের সামনে থেকে শাহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. ফায়জুর রহমান জানান, গত বছরের ১৪ ফেব্রুয়ারি বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে ককটেল বিস্ফোরণের মামলায় মেহেদী হাসানসহ ৩৬ নেতা-কর্মী জামিন চান। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করলে আসামিরা আদালতের ওপর চড়াও হয়ে এজলাস ভাঙচুর করেন। এ ঘটনায় আদালত পুলিশকে ওই সময় কারণে দর্শানোর নির্দেশ দিয়েছিলেন। ওই ঘটনায় পর মামলা হয়। মেহেদী হাসান দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, মেহেদী হাসান এত দিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার একটি ইফতার মাহফিল শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়।