স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, আহত ৭
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সদরে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে।গত সোমবার দিবাগত রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: মিজানুর রহমান (২৮), আবু নাছের (২১), মো. বাবলু (২২), মো. মোহন (৩৫) ও আবদুল হাই ওরফে ফরহাদ (৩৬)। রাতেই আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাহেদুর রহমান ও মুজিব কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আবদুল হাইয়ের মধ্যে পূর্ববিরোধ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালাতে গেলে নতুন করে মারামারি বেঁধে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।জানতে চাইলে মারামারির ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী।