স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তের প্রতিবাদ করায় চট্টগ্রাম নগরে শিক্ষানবিশ নারী আইনজীবীকে মারধর ও নির্যাতনের মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামির নাম এস এম সোলায়মান। তিনি চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, নারী আইনজীবীর স্বামীর করা মামলায় আসামি সোলায়মানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। এ কারণে তাঁর জামিনের আবেদনও করা হয়নি।
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য গত বুধবার বিকেলে আদালত ভবনে এসেছিলেন শিক্ষানবিশ ওই নারী আইনজীবী। আদালত ভবনের পাশে জেলা নিবন্ধন কার্যালয়ের সামনে তাঁকে ধাক্কা দেন সোলায়মান। আইনজীবী এ ঘটনার প্রতিবাদ জানালে তাঁকে কিলঘুষি মারতে থাকেন সোলায়মান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে সোলায়মানকে ধরে ফেলেন। বুধবার রাতেই আইনজীবীর স্বামী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
নারী আইনজীবীকে মারধর করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ এইচ এম জিয়াউদ্দিন। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীসহ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা সোলায়মান দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।