স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন হত্যা মামলায় একজন গ্রেপ্তার
রাজধানীর বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন হোসেন হত্যা মামলায় শহীদুল ইসলাম ওরফে শহীদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে বাড্ডার আনন্দনগরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।বাড্ডা থানা সূত্র জানায়, এই হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি শহীদুল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত মামুনের বাবা নূর মোহাম্মদ বাদী হয়ে আলমগীর, জাহাঙ্গীর, শহীদুলসহ ২২ জনকে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।এই মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামুন আনন্দনগরে একটি জমি ভরাটের কাজ পেয়েছিলেন। এ নিয়ে বিরোধের জের ধরে আলমগীর সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। এজাহারভুক্ত অন্য আসামিরা ঘটনার পর পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামুনের পারিবারিক সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে মামুনের লাশ তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায় নেওয়া হয়। সেখানে গতকাল পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়।বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা বাড্ডার আনন্দনগরের একটি মুদির দোকান থেকে টেনেহিঁচড়ে মামুনকে রাস্তায় এনে ককটেল নিক্ষেপ ও গুলি করে হত্যা করে।