স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম হত্যা মামলায় দুই ভাইসহ চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান গতকাল মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন। মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়।
গতকাল সকাল সোয়া ১০টার দিকে রায় ঘোষণার সময় আদালতে সাতজন আসামি উপস্থিত ছিলেন। ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হলেন সদর উপজেলার তেঘর বিশা গ্রামের দুই ভাই তছলিম উদ্দিন ও ফরহাদ হোসেন এবং একই গ্রামের হায়দার আলী ও শহরের দেওয়ানপাড়া এলাকার সাফিন হোসেন। তাঁদের মধ্যে তছলিম ও সাফিন পলাতক রয়েছেন। মামলার অপর তিন আসামি শুনানি চলাকালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তাঁরা হলেন বাবু মিয়া, মিঠু ও আলাউদ্দিন। রাফেল মিয়া নামের আরেক আসামি সন্ত্রাসীদের হাতে খুন হন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন জাহাঙ্গীর হোসেন, আরমান আলী, রেজাউল ইসলাম, জহুরুল ইসলাম ও শাহিনুর রহমান।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সিরাজুলকে ২০০৫ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার তেঘর চারমাথা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সিরাজুলের বাড়ি তেঘর বিশা গ্রামে। তাঁকে হত্যার ঘটনায় পরে জয়পুরহাট সদর থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
রায় শোনার পর ফরহাদ ও হায়দার কান্নায় ভেঙে পড়েন। পরে তাঁদের পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে নেওয়া হয়।
সিরাজুলের বাবা মজিবর রহমান ও তাঁর বোন আঞ্জুয়ারা বেগম রায় ঘোষণার পর আদালতের বারান্দায় প্রথম আলোকে বলেন, এ রায়ে তাঁর খুশি।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ইচ্ছে করলে ফাঁসির সাজাপ্রাপ্ত ফরহাদ ও হায়দার এই রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। এ ছাড়া অন্য দুই পলাতক আসামি গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে এ রায় কার্যকর হবে।