স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ হোসেন
সবুজ হোসেন

কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসের র‍্যালি শেষে দুই পক্ষের সংঘর্ষে সবুজ হোসেন (২৪) নিহতের ঘটনায় আজ রোববার দুপুরে মামলা হয়েছে। মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন ওরফে সবুজকে এক নম্বর আসামি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) খন্দকার লাবণী প্রথম আলোকে বলেন, আজ বিকেল সাড়ে তিনটার দিকে নিহত সবুজের মেজ ভাই আরিফ হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আর দুই-তিনজনকে আসামি করা হয়। মামলাটি কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ তদন্ত করবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ শহরে র‍্যালি বের করে। এতে সহযোগী বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতা-কর্মীরা অংশ নেন। দুপুর সোয়া ১২টার দিকে শহরের মজমপুর রেলগেট এলাকার উত্তর দিকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে র‍্যালিটি শেষ হয়। এরপর নেতা-কর্মীরা যে যাঁর মতো আশপাশেই অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যে ম্যুরালের একটু দূরে রেলগেটের দক্ষিণ দিকে দুটি মিছিল মুখোমুখি হয়। একটি জেলা স্বেচ্ছাসেবক লীগের, অন্যটি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সমর্থকদের। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে হাসপাতালে মারা যান সবুজ।
ভিডিও ফুটেজে দেখা গেছে, সংঘর্ষ চলাকালে কালো পাঞ্জাবি পরিহিত এক যুবক শটগানের গুলি চালাচ্ছিলেন। যে ব্যক্তি গুলি চালাচ্ছিলেন, তাঁর নাম আনিচুর রহমান ওরফে আনিচ। তিনি ছিলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। প্রায় দেড় বছর আগে ঢাকার পল্লবী থানায় থাকাকালে ফেনসিডিল আত্মসাতের দায়ে তিনি চাকরিচ্যুত হন। এর পর থেকে কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া গ্রামের মোশাররফ হোসেন মণ্ডলের ছেলে আনিচ গ্রামেই থাকতেন। আনিচের গ্রামের দুজন বাসিন্দা এবং জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আনিচুর রহমানের ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। ওই শটগানটি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের ছিল। সেটি উদ্ধারে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনের অস্ত্রের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে। রাতে অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের লাইসেন্স করা শটগান, শটগানের ৪৬টি গুলি, লাইসেন্স করা পিস্তলের ৬৪টি গুলি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে পিস্তল পাওয়া যায়নি। সবুজ এ সময় বাড়িতে ছিলেন না।

নিহতের ঘটনার জেরে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেককে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গতকাল সংঘটিত ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সংঘর্ষের সময় ঘটনাস্থলের ৩০-৩৫ ফুট দূরেই অবস্থান করছিলেন ওসি আবদুল খালেকসহ পুলিশের একটি দল।