স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুর হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নুর হোসেনকে হত্যা করা হয়েছে। তিনি আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আ ক ম রুহুল আমিনের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মধ্য করপাড়া গ্রামের অকিল্যার বাড়ির মৃত কালুমিয়ার ছেলে নুর হোসেনকে বুধবার রাত ১০টার দিকে কে বা কারা মুঠোফোনে ডেকে নেয়। কিছুক্ষণ পরই গুলির শব্দ ও তাঁর চিৎকার শোনা যায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ছুটে গিয়ে নুর হোসেনকে বাড়ির কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দুপুরে করপাড়া ইউনিয়ন ও রামগঞ্জ শহরেও মিছিল বের করা হয়।
উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মুজিব বলেন, নুর হোসেনকে কিছুদিন ধরে দুর্বৃত্তরা মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে আসছিল। তিনি অভিযোগ করেন, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহিমের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতা আবদুর রহিম গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে আমার লোকজনের জড়িত থাকার প্রশ্নই আসে না। আওয়ামী লীগের দলীয় কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’ রামগঞ্জ থানার এসআই মো. শামছুল হক জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।