স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটুনি, শিক্ষককে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠায় ইংরেজি বিষয়ের এক শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ওই সিদ্ধান্ত নেয়৷ রাতে শিক্ষকের বিরুদ্ধে মামলা করে বিদ্যালয় কর্তৃপক্ষ৷
আর্থিক সুবিধা নিয়ে ওই শিক্ষককে নিয়োগ দেওয়ার অভিযোগ এনে গতকাল সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেনকে পিটুনি দিয়েছেন ক্ষুব্ধ লোকজন৷ পরে পুলিশ তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে৷ বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের ওই সহকারী শিক্ষক এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন৷ গ্রীষ্মের ছুটি চলায় গত বুধবার বিদ্যালয় বন্ধ ছিল৷ কিন্তু ওই শিক্ষক দপ্তরির কাছ থেকে চাবি নিয়ে কৌশলে ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন৷ ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন বিদ্যালয়ে গিয়ে তাকে উদ্ধার এবং শিক্ষককে আটক করেন৷ তাঁরা তখনই ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন৷ স্থানীয় প্রশাসন ওই শিক্ষককে চাকরিচ্যুত ও শাস্তির আশ্বাস দেয়৷
এ নিয়ে গতকাল বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ে বৈঠক বসে৷ তখন বিদ্যালয়ের সামনে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করে৷ একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন অভিযোগ করেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেকবর হোসেন অর্থের বিনিময়ে মাস ছয়েক আগে ওই শিক্ষককে নিয়োগ দেন৷ কিছুক্ষণ পর লোকজন নেকবরকে সভা থেকে ধরে এনে বেধড়ক মারধর করেন এবং বিভিন্ন স্লোগান দেন৷
মহিলা পরিষদের নিন্দা: শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ৷ গতকাল প্রতিষ্ঠানটির সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তির যথাযথ শাস্তি নিশ্চিতকরণ, ঘটনার শিকার শিক্ষার্থীর সুচিকিৎসাসহ তার নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে৷