স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকান বিদ্যালয়ের জমিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বিদ্যালয়ের মাঠ দখল করে আধা পাকা দোকানঘর নির্মাণ করেছেন। এর আগেও একই কায়দায় স্থানীয় কয়েক ব্যক্তি ১০-১২টি ঘর নির্মাণ করে বিদ্যালয়ের জমি দখল করেন। এ মাঠ দখলের ফলে শিক্ষার্থীদের লেখাপড়া ও খেলাধুলায় ব্যাঘাত ঘটছে।

এ ব্যাপারে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অনেক আগে থেকে অনেকজন বিদ্যালয়ের জমি দখলে নিয়ে সুবিধামতো ব্যবসা-বাণিজ্য করছেন। সে কারণে আমি একজন সরকারদলীয় নেতা হিসেবে সামান্য একটু জায়গা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে দোকানঘরের জন্য দখল নিয়েছি। এতে বিদ্যালয়ের তেমন কোনো ক্ষতি হবে না। অন্য দখলকারীরা ছেড়ে দিলে আমিও দেব।’

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ১৮৯৩ সালে প্রায় দুই একর জায়গায় উপজেলা ভান্ডারবাড়ি ইউনিয়নে ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। সেই থেকে বিভিন্ন সময় স্থানীয় লোকজন ব্যবসা-বাণিজ্যের জন্য ভিন্ন ভিন্ন কৌশলে ১০-১২টি দোকানঘর নির্মাণ করে বিদ্যালয়ের জায়গা দখল করেন। এ অবস্থায় গত এক সপ্তাহ আগে মোয়াজ্জেম হোসেন প্রায় এক শতক জমিতে আধা পাকা টিনশেড ঘর নির্মাণ করে ওই জায়গা দখলে নেন। দখলদারদের কবলে পড়ে দুই একর জায়গার মধ্যে বিদ্যালয়ের ভবনসহ মাত্র ৩০ শতক জমি রয়েছে। এসব জমি দখল হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা ও নানা ধরনের বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, বিদ্যালয় ছুটি থাকার সুযোগ পেয়ে মোয়াজ্জেম এ জায়গা দখলে নিয়ে ঘর নির্মাণ করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে মোয়াজ্জেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগের দখলদারদের বিরুদ্ধে আদালতে উচ্ছেদ মামলা করা হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্যালয়ের মাঠ দখল নিয়ে অনেকেই ব্যবসা-বাণিজ্যের জন্য ঘর নির্মাণ করছেন। মোয়াজ্জেম তাঁদের মতোই জোর করে দোকানঘর নির্মাণ করেছেন। আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়ে প্রধান শিক্ষকের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, ‘বিদ্যালয়ের জমি দখল করে দোকানঘর নির্মাণের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’