স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে এক খণ্ড জমি ও দোকানঘর দখলের জন্য স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী গত শুক্রবার হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) কেরামত আলী জানান, এ ঘটনায় দোকানমালিক মহসিন মোল্লা নয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল নামের একজনকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
গত শনিবার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নড়াগাতি থানা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক সোহেল মুন্সির নেতৃত্বে আগ্নেয়াস্ত্রসহ ২০-২৫ জন সন্ত্রাসী মোটরসাইকেল ও নছিমনে করে যোগানিয়া বাজারের মুদি ব্যবসায়ী মহসিন মোল্লার দোকান ও বাড়িঘরে হামলা করে। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট করে। বাজারের ব্যবসায়ীরা প্রতিরোধ করতে গেলে তারা বন্দুকের ছয়টি ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আটক জুয়েল সালামাবাদ ইউনিয়ন ভূমি কার্যালয়ের এমএলএসএস। তিনি সোহেলের ভাই।
মহসিন মোল্লা জানান, বাজারের পৈতৃক সম্পত্তির ওপর তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সোহেল মুন্সি হঠাৎ দোকানঘরটি তাঁর বলে দাবি করেন এবং ঘরটি খালি করে দেওয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেন। গত বৃহস্পতিবার ওই সময়সীমা পার হলে শুক্রবার সকালে সন্ত্রাসীদের নিয়ে দোকানঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় দোকানের পেছনের বাড়িতেও তারা হামলা চালিয়ে লুটপাট করে। সন্ত্রাসীরা তাঁর ভাই সাইফুল মোল্লা ও তাঁর স্ত্রী বিউটি খানমকে পিটিয়ে জখম করে এবং টাকাসহ সোনার গয়না লুটে নেয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সোহেল মুন্সি মহসিন মোল্লার দোকানঘরটি তাঁর পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন।