স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তাঁর চার ভাইকে সাবেক এক ইউপি সদস্যের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুভাঢ্যা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল (২৪) এ অভিযোগ করেন। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সোহেলসহ তাঁর ভাই মো. হাসান (৩৮), আতাউর (৩০) ও ফয়সাল (২৭) আহত হন। তাঁরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল বলেন, ‘গতকাল ভোররাতে সেহ্রি খেয়ে পরিবারের সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় স্থানীয় করিম মেম্বারের ছেলে শাকিল, শাকিলের বন্ধু নুরুলসহ পাঁচ-ছয়জন আমাদের বাড়ির সামনে হইচই করছিল। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা বাধে। একপর্যায়ে তারা লোকজন নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের চার ভাইকে জখম করে চলে যায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।’
এদিকে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলে তাদের ওপর কোনো হামলা করেনি।’