স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক লেঙ্গুরদি আফতাবুন্নেসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি। এই বিদ্যালয়ের সঙ্গে পার্শ্ববর্তী বদরুজ্জামান উচ্চবিদ্যালয়ে চলাচলের একটি রাস্তা নিয়ে ফারুকের সঙ্গে ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাট মিয়ার বিরোধ চলে আসছে।ফারুক অভিযোগ করেন, ‘লাট মিয়া তাঁর টেক্সটাইল মিলের চার-পাঁচ শ শ্রমিক নিয়ে লেঙ্গুরদি এলাকায় আমার বাড়িতে হামলা চালান। পুলিশের উপস্থিতিতে বাড়ির সামনের নিচতলায় দুটি দোকানে ও দোতলায় চেম্বারে ভাঙচুর করা হয়।’ লাট মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। আর পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ সঠিক নয়।