স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন। এ ঘটনায় গতকাল সোমবার জরুরি সভা করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী গত শুক্রবার রাতে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৩ মে জেলার ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে পৌরমেয়র পদে সিরাজুল ইসলাম ওরফে বুলু দলীয় প্রতীক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। তিনি ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওই নির্বাচনের জের ধরে মামলার আসামি গোলাম মোর্শেদ তাঁর ফেসবুক আইডি থেকে ২৪ মে এক স্ট্যাটাস দেন। এতে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলামের নাম বিকৃত করে অশ্লীল ভাষা ব্যবহার করে গালাগাল দেন। এতে উল্লিখিত আওয়ামী লীগের নেতারা নির্বাচনকালে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষ হয়ে কাজ করেননি বলে ক্ষোভ প্রকাশ করা হয়। এই স্ট্যাটাসের কারণে আওয়ামী লীগের ওই নেতারা সমাজে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে উল্লেখ করে সোলায়মান আলী মামলা করেন।
গোলাম মোর্শেদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
এদিকে গোলাম মোর্শেদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করায় জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ তাদের দলীয় কার্যালয়ে গতকাল দুপুরে এক জরুরি সভা করেছে। ওই সভা থেকে গোলাম মোর্শেদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় আরও জানানো হয়, এ মামলা দায়ের করায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। মামলা দ্রুত প্রত্যাহার করতে অভিভাবক সংগঠনের নেতা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলীকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে যেকোনো সময় ওই মামলার কারণে আন্দোলন হতে পারে বলেও সভায় জানানো হয়। লিখিতভাবে ওই সভার কপি কেন্দ্রীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাদের কাছে পাঠানো হবে বলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানান।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ ই এম মাসুদ রেজা অভিযোগ করেন, ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে সোলায়মান আলী ও তাঁর লোকজন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
অপরদিকে মামলার আসামি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ গতকাল বিকেলে দাবি করেন, তিনি তাঁর ফেসবুক আইডি থেকে উল্লিখিত লোকজনের বিরুদ্ধে কোনো লেখা পোস্ট করেননি। অন্য কেউ তাঁর আইডি হ্যাক করে বা তাঁর নামে ফেক আইডি খুলে ওই সব লেখা লিখেছে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী মুঠোফোনে জানান, গোলাম মোর্শেদের ফেসবুক পাতা থেকে মানহানিকর স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে মামলা হয়েছে। যদি গোলাম মোর্শেদের আসল আইডি থেকে ওই অশ্লীল লেখা পোস্ট করা না হয়, তাহলে পুলিশ তদন্ত করে যাঁর আইডি থেকে পোস্ট করা হয়েছে, তাঁকে আইনের আওতায় নিয়ে আসবে। অসুবিধা তো নেই। আর ক্ষেতলাল পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার যে অভিযোগ, তা বানোয়াট এবং মিথ্যা বলে তিনি দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চত করেছেন।