স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনেছেন জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক নাসির আহমেদ। গতকাল রোববার সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে নাসিরের পরিবার।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে সাজ্জাদ হোসেন নাসিরের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ব্যাপারে থানায় মামলা দিতে গেলে পুলিশ নেয়নি। খবর পেয়ে সাজ্জাদ নাসিরের পরিবারকে ফের হুমকি দেন। ২ ডিসেম্বর বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিতভাবে জানান নাসির। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুষ্টিয়া পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর সাজ্জাদ আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে ১১ জানুয়ারি নাসিরের ছেলে নাহিদ আহমেদ কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এ ব্যাপারে সাজ্জাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ রবিউল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত চলছে।’